লোহিত সাগরে যুদ্ধে ইতালি জড়িত নয়: তাজানি

লোহিত সাগরে ইতালি কোনো যুদ্ধে জড়িত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে কৌশলগত এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নৌমিশন আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালির দৈনিক কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক একটি হামলায় ইতালীয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ এবং হুথিদের ইতালির সঙ্গে যুদ্ধ না থাকার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তাজানি বলেন, ইতালি যুদ্ধে নেই।

সম্প্রতি সৌদি আরবের তাইফ বিমানঘাঁটিতে হুথিদের হামলার ঘটনায় মাটিতে থাকা ইতালির একটি এফ-২০০০ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতেই ইতালি লোহিত সাগরে সরাসরি কোনো যুদ্ধে জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

তাজানি বলেন, লোহিত সাগরের পরিস্থিতির অবনতি হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের অ্যাসপিদেস নৌমিশনের প্রতি ইতালির সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে মিশনটি নবায়ন ও আরও শক্তিশালী করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি।

বাণিজ্যিক জাহাজগুলোকে সম্ভাব্য হুথি হামলা থেকে সুরক্ষা দিতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য অ্যাসপিদেস মিশন গঠন করা হয়েছিল। তাজানির মতে, কৌশলগত এই জলপথে পরিস্থিতির অবনতির মুখে মিশনটির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

ইতালির অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে তাজানি বলেন, দেশটির মোট বাণিজ্যিক সামুদ্রিক পরিবহনের ৪০ শতাংশ এবং এশিয়ায় রপ্তানি করা পণ্যের ৬০ শতাংশ এই জলপথ দিয়ে যায়। তাই লোহিত সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা ইতালির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: আলজাজিরা