ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গণমাধ্যমবিষয়ক দলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের সঙ্গে তাদের নিউইয়র্ক সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে। ইরনা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইরনা ঘটনাটিকে যুক্তরাষ্ট্র সরকারের একটি নজিরবিহীন বৈরী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহরও প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্রের বরাতে একই তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের। তার সফরসঙ্গী হিসেবে প্রেসিডেন্টের গণমাধ্যমবিষয়ক দলের সদস্যদেরও যাওয়ার কথা ছিল। তবে ভিসা না পাওয়ায় তাদের কয়েকজন সফর থেকে বাদ পড়ছেন বলে ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: ডন