৩ হাজার বছরের সভ্যতার কথা বলেছেন পেজেশকিয়ান: গালিবাফ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে শুধু একটি সরকারের হয়ে নয়, ৩ হাজার বছরের পুরোনো একটি সভ্যতার হয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। পেজেশকিয়ানের ভাষণ ইরানের জাতীয় শক্তি ও ৩ হাজার বছরের সভ্যতার প্রতিফলন ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ পেজেশকিয়ানের জাতিসংঘ ভাষণের প্রশংসা করেন। তিনি বলেন, পেজেশকিয়ান শুধু একটি সরকারের হয়ে কথা বলেননি, বরং ৩ হাজার বছরের একটি সভ্যতার হয়ে কথা বলেছেন।

গালিবাফ আরও বলেন, পেজেশকিয়ান ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাহস, দৃঢ়তা ও শক্তির জোরালো কণ্ঠ হিসেবে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে ইরানের জনগণের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান পশ্চিমা বিশ্বের দ্বৈতনীতির সমালোচনা করেন। বিশেষ করে ইসরায়েলের ঘোষণাহীন পরমাণু অস্ত্রভাণ্ডার এবং দেশটির বিরুদ্ধে কোনো জবাবদিহি না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।

অন্যদিকে ইরানের ওপর ধারাবাহিক পরিদর্শন ও নিষেধাজ্ঞার প্রসঙ্গও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, পরমাণু বোমা ইসরায়েলের হাতে, অথচ পরিদর্শকরা ইরানে। ইসরায়েল হত্যা করে, কিন্তু নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান।

পেজেশকিয়ানের এই বক্তব্যের পরই তাঁর ভাষণকে ইরানের জাতীয় শক্তি ও ঐতিহাসিক সভ্যতার প্রতিনিধিত্বকারী বক্তব্য হিসেবে প্রশংসা করেন গালিবাফ। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি