‘ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে নতুন যুদ্ধ’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি জানান, ইরানের ওপর নতুন করে হামলা হলে তা মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি মাথায় রেখেই ইরানের সশস্ত্র বাহিনী নানা ধরনের যুদ্ধ-পরিস্থিতির জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান সাফাভি। তাঁর ভাষায়, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনে ঠিক কী চলছে, তা আমরা জানি না।’

তিনি সতর্ক করে বলেন, ইরানি স্থাপনা বা স্বার্থের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও হামলা চালালে যুদ্ধের ভৌগোলিক পরিধি দ্রুতই বহুগুণ বিস্তৃত হয়ে যাবে। সাফাভির কথায়, ‘গাল্‌ফ ও হরমুজ প্রণালি থেকে যুদ্ধ এখন লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে; সম্ভাব্য পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হলে এই ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর কিংবা অন্য কোথাও পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।’

এদিকে পৃথক এক খবরে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ইরানি বিমান সংস্থাগুলোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানায়, বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্র এই ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দিন তেহরান থেকে দুশানবেগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয়, কারণ তুর্কমেনিস্তান তাদের আকাশসীমা দিয়ে ইরানি বিমানকে চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে ফ্লাইটটি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

সামরিক বিশ্লেষকদের মতে, একের পর এক প্রতিবেশী ও আঞ্চলিক দেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহারে বাধার মুখে পড়া ইরানের জন্য এক নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের ইঙ্গিত বহন করছে। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়িও আঞ্চলিক দেশগুলোকে ইরানি বিমান চলাচল সীমিত করার মার্কিন উদ্যোগে যোগ না দিতে সতর্ক করেছিলেন, নয়তো তাদের নিজেদের বিমানবন্দরও একই পরিণতির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সবমিলিয়ে সামরিক হুঁশিয়ারি ও বিমান চলাচল সংকট-দুটি ঘটনাই ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন করে বেড়ে ওঠার আভাস দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: টি আর টি ওয়াল্ড