পেজেশকিয়ানের ভাষণের প্রশংসা-সমালোচনায় ইরানি গণমাধ্যম

জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ভাষণ প্রশংসা ও সমালোচনা, দুই ধরনের প্রতিক্রিয়াই তৈরি করেছে ইরানি গণমাধ্যমগুলোতে। বুধবারের (২৩ সেপ্টেম্বর) ভাষণে তিনি সামরিক শক্তির কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানালেও কূটনীতির ওপর তেহরানের আস্থার কথা তুলে ধরেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও নতুন করে প্রতিরোধের মুখে পড়েছে তেহরান। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অধিকাংশ আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ইরানি প্রতিনিধিদল কীভাবে দেশে ফিরবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বিমান সংস্থাগুলো কিছু আন্তর্জাতিক রুটে চলাচল অব্যাহত রেখেছে। আজারবাইজানের সঙ্গে কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছে। একই সঙ্গে তুর্কিশ এয়ারলাইনস ইরানে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি দেশটির নিহত সর্বোচ্চ নেতা ও মিনাবের নিহত শিশুদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ইরানে হামলা চালানো বা এমন হামলাকে সমর্থন করা দেশগুলো নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি।

অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইরান নিয়ে ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। তেহরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্যও চাপ অব্যাহত রাখবে ইসরায়েল বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যকর করতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১১৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যেই বুধবার হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। ঘটনায় দুজন হতাহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল