ফিলিস্তিন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট: আরাঘচি

ফিলিস্তিন সংকটকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও নৈতিক সংকট হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের গণহত্যা বন্ধে সব দেশের, বিশেষ করে মুসলিম দেশগুলোর নৈতিক ও আন্তর্জাতিক আইনি দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আরাঘচি। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক, সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আরাঘচি বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও নৈতিক সংকট হলো ফিলিস্তিন ইস্যু। দখলদারত্ব মোকাবিলা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা সব দেশের দায়িত্ব। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পবিত্র আল-কুদসের অধিকার প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও আন্তর্জাতিক আইনি দায়িত্ব রয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোর এ বিষয়ে সমন্বিতভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এ সময় লেবানন, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইসরায়েলি সরকারের আগ্রাসনের প্রসঙ্গও তোলেন আরাঘচি। তিনি বলেন, ইসরায়েলি সরকারের সম্প্রসারণবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হস্তক্ষেপ মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থার মধ্যেও এ সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে ইরান ও মিসরের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি