যুক্তরাজ্যের একটি সামরিক বিমানঘাঁটির কাছে বোমা আতঙ্কের ঘটনায় ইরানের সম্পৃক্ততার জল্পনাকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা’ করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে ওই ঘটনার সঙ্গে তেহরানকে যুক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস বলেছে, যুক্তরাজ্যের কিছু ব্যক্তি ও সংবাদমাধ্যম সম্প্রতি ইরানকে ওই ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। এসব প্রচেষ্টাকে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছে দূতাবাস।
দূতাবাসের বক্তব্য অনুযায়ী, তেহরানের সম্পৃক্ততার যে জল্পনা ছড়ানো হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তারা এ ধরনের প্রচারকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে বোমা আতঙ্কের ঘটনায় ইরানের জড়িত থাকার ইঙ্গিতও সরাসরি প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের ব্যবহৃত এই ব্রিটিশ সামরিক ঘাঁটির কাছে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করেই ইরানকে জড়ানোর এসব দাবি সামনে এসেছে। তবে এখন পর্যন্ত ইরানের সম্পৃক্ততার অভিযোগের পক্ষে কোনো তথ্য উল্লেখ না করে লন্ডনে ইরানি দূতাবাস এসব জল্পনাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: ডন