নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরানের পুলিশপ্রধান আহমাদ রেজা রাদান। সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফারাজা রাজনৈতিক-আদর্শিক সংগঠনের পরিচালকদের সঙ্গে এক বৈঠকে রাদান বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক ও প্রতিরক্ষা কাঠামোও পুনর্গঠন করতে হবে বলে জানান তিনি।
রাদান বলেন, ‘শত্রুর তৈরি করা সবচেয়ে খারাপ পরিস্থিতি আমাদের অনুমান করতে হবে এবং তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সামরিক ও প্রতিরক্ষা কাঠামো পুনরুদ্ধার করতে হবে।’
এর আগে ইরান যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন।
আরাঘচির উল্লেখ করা স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুল, সেতু ও জ্বালানি অবকাঠামো রয়েছে। এসব হামলার কারণে বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ইরান উদ্বেগ প্রকাশ করে আসছে। সূত্র: আলজাজিরা