বৈশ্বিক নিরাপত্তায় হরমুজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ: পেজেশকিয়ান

বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কৌশলগত হরমুজ প্রণালির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্ব নৌ দিবস উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সমুদ্র সম্পর্কে আরও ভালোভাবে জানা, নতুন প্রযুক্তির বিকাশ, নৌ নিরাপত্তা জোরদার, সমুদ্রের জ্বালানি সম্ভাবনাকে কাজে লাগানো এবং সামুদ্রিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা রক্ষা করা দেশের ভবিষ্যৎ ও পরবর্তী প্রজন্মের জন্য বিনিয়োগের সমান।

এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব হলো সরকারি ও বেসরকারি খাতের আরও বেশি অংশগ্রহণের সুযোগ তৈরি করা বলে জানান তিনি। এজন্য বিভিন্ন বাধা কমানো, প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, অবকাঠামোর উন্নয়ন এবং বিনিয়োগ ও অংশগ্রহণের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান।

হরমুজ প্রণালির আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতিতে বিশেষ অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে ঘিরে দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি প্রয়োজন। একই সঙ্গে অঞ্চলের দেশগুলোর স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষাকেও গুরুত্ব দিতে হবে।

পেজেশকিয়ান বলেন, সমুদ্রে ইরানের শক্তিশালী উপস্থিতি দেশটির গুরুত্বপূর্ণ নৌপথ ও জীবনরেখাগুলোকে অচল করে দেওয়ার প্রচেষ্টা ঠেকাতে ভূমিকা রেখেছে। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পারস্য উপসাগর ও এর নৌপথগুলোর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট। তার মতে, টেকসই নিরাপত্তা কেবল আঞ্চলিক দেশগুলোর যৌথ সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

বিশ্ব নৌ দিবস উপলক্ষে ইরানের সব নাবিক, সমুদ্রসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনীর কমান্ডার এবং তাদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান পেজেশকিয়ান। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো নৌযোদ্ধা ও নাবিকদের স্মরণ করে তাদের আত্মার শান্তি ও ইরানের সমৃদ্ধি কামনা করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি