গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪,২২৯

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন আগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০ জন।

২০২৪ সালের অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ওই সময় থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৪৫ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার গাজায় বড় ধরনের একটি গণদাফন অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫টি মরদেহ উদ্ধারের পর তাদের দাফন করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধারের ঘটনাও মোট প্রাণহানির সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে। সূত্র: আলজাজিরা