ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ নতুন কোনো ভুল হিসাব করলে নতুন নতুন ফ্রন্ট খুলে যাবে এবং আরও বড় চমকের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।
সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর প্রতিটি ভুল হিসাবই তাদের জন্য বড় পরাজয় ডেকে এনেছে। এবারও একই ধরনের কোনো ভুল করা হলে এর পরিণতি আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
রেজাই বলেন, শত্রুর পরবর্তী ভুল নতুন ফ্রন্ট খুলে দেবে এবং আরও বড় চমক নিয়ে আসবে। তার এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ কোনো পদক্ষেপের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ইরানের বর্তমান জটিল পরিস্থিতি মোকাবিলায় দেশটি সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রেজাই। তিনি বলেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির বিচক্ষণ নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে ইরান।
রেজাইর বক্তব্যে একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কে বর্তমান পরিস্থিতি মোকাবিলার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি