হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিকসহ মোট ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারত। ওমানের উপকূলের কাছে মঙ্গলবার (৬ অক্টোবর) ওই হামলার ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমটি অন পিস নামের জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলায় আহত ১২ জনের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।
হামলার পর ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে তাদের ওমানের খাসাবে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের উদ্ধারে সহায়তার জন্য ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে নয়াদিল্লি।
হরমুজ প্রণালি ও এর আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ভারত। সূত্র: আলজাজিরা