ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সাজানো হামলা নিয়ে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার (০৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো ঘটনা ঘটিয়ে তার দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে পরবর্তী পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগানো একটি পুরোনো কৌশল।
বাঘাই বলেন, সাজানো হামলার ক্ষেত্রে কোনো একটি পক্ষ নিজেরাই একটি ঘটনা ঘটায়, এরপর এর জন্য অন্য পক্ষকে দায়ী করে এবং শেষ পর্যন্ত সেই ঘটনার পরিণতি নিজেদের স্বার্থে ব্যবহার করে।
তিনি বলেন, এমন এক সময়ে এই ধরনের কৌশল সামনে আসতে পারে, যখন ইরানের বিরুদ্ধে আইনবহির্ভূত আগ্রাসী যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের জনগণের মধ্যে ক্লান্তি তৈরি হয়েছে এবং আগ্রাসনের পক্ষগুলোর কাছে নিজেদের পছন্দের যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার কোনো সৎ উপায় নেই।
বাঘাইর ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে মিথ্যার ওপর দাঁড়ানো কোনো ঘটনাও ডুবন্ত মানুষের কাছে বাঁচার অবলম্বনের মতো মনে হতে পারে।
তবে তিনি সম্ভাব্য কোনো নির্দিষ্ট হামলা, ঘটনা বা পক্ষের নাম উল্লেখ করেননি। তার বক্তব্যে মূলত সাজানো হামলার সম্ভাবনা নিয়ে সতর্কতা এবং এ ধরনের ঘটনার দায় নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান উঠে এসেছে। সূত্র: ডন