যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব না করার হুঁশিয়ারি দিয়ে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা বলেছেন, দুই দেশের মধ্যকার দূরত্ব নির্ধারণ করবে ইরানের ক্ষেপণাস্ত্র।
যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হেগসেথ এখনো পেন্টাগনের কিন্ডারগার্টেনে যুদ্ধের নকশা আঁকছেন। তার ভাষ্য অনুযায়ী, বক্তব্য ও শক্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে নিজেদের ইচ্ছামতো ভাগ করা যায়, এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্র এখনো বের হতে পারেনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, শেষ কথা বলবে যুদ্ধক্ষেত্র। এরপরই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যকার দূরত্ব নির্ধারণ করবে তাদের ক্ষেপণাস্ত্র।
নিজের বার্তায় তিনি আরও লেখেন, গতকাল ওমান সাগর, আজ ভারত মহাসাগর এবং আগামীকাল বে অব পিগস। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে, এমন ইঙ্গিত দেন তিনি।
সবশেষে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে ইরানের এই জেনারেল সতর্ক করে বলেন, কোনো ভুল করা হলে যুক্তরাষ্ট্রকে একটি নতুন বিভাজন দেখতে হবে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি