ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো পরিস্থিতিতেই বন্ধ করবে না এবং ইউরেনিয়াম অন্য কারও হাতে তুলে দেবে না বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ছাড়া কোনো দেশ পরমাণু শিল্পের দাবি করতে পারে না।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় এক স্মরণসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসলামি বলেন, পরমাণু প্রক্রিয়ার সূচনাবিন্দু নিজেদের নিয়ন্ত্রণে না রেখে কোনো দেশ কীভাবে পরমাণু শিল্প গড়ে তোলার দাবি করতে পারে। তার মতে, পরমাণু শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।
ইসলামি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টসহ দেশটির নীতিনির্ধারকেরাও জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও জাতীয় প্রতিরক্ষার নথিতে পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের অগ্রাধিকারের শীর্ষে রেখেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত নিজেদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, পরমাণু প্রযুক্তি নিয়ে বিভ্রান্তি ও মিথ্যা প্রচার করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, নিশ্চিত বিষয় হলো একটি জাতির অগ্রগতি। ইরান পিছিয়ে পড়া কোনো দেশ নয়; বরং দেশটি সক্ষমতা ও প্রতিভার দিক থেকে অগ্রসর।
ইসলামি বলেন, ইরানের বিপুল সক্ষমতা রয়েছে। অগ্রগতি এবং জ্ঞানের সীমান্তে পৌঁছানোর অধিকার ইরানি জনগণের অধিকার। এ বিষয়ে তারা কোনোভাবেই পিছিয়ে যাবে না।
সবশেষে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান স্পষ্ট করে বলেন, ইরান ইউরেনিয়াম হস্তান্তর করবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি