যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ভোটারদের সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ৩ নভেম্বরের নির্বাচনের পর ইরান আরও ‘আগ্রাসী’ হয়ে উঠেছে। একই সঙ্গে ডেমোক্র্যাটদের বিজয়ের কারণে শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের যে পূর্বাভাস তিনি দিয়েছিলেন, সেটিও সত্য হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।
রোববার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে তিনি দুটি পূর্বাভাস দিয়েছিলেন এবং দুটিই বাস্তবে ঘটেছে। তাঁর ভাষ্য, তিনি সতর্ক করেছিলেন, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে। তাঁর দাবি, বাস্তবে তা-ই ঘটেছে। একইভাবে ইরান হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হবে বলেও তিনি আগে জানিয়েছিলেন।
ট্রাম্পের অভিযোগ, গত এক সপ্তাহে ইরান এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তাঁর দাবি, সবগুলোই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসের জন্য দায়ী বলে মনে করেন। তবে যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি হতে দেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়িয়ে রাখতে ডেমোক্র্যাট ও ইরান পরিকল্পিতভাবে কাজ করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে।
ভোট দেওয়ার আগে এসব বিষয় ভোটাররা বুঝতে পারেননি উল্লেখ করে ট্রাম্প বলেন, পুরো নির্বাচনই ছিল ‘অদ্ভুত’। একই পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানে বিক্ষোভে নিহত মানুষের সংখ্যা ৮১ হাজারে পৌঁছেছে।
পোস্টের শেষ দিকে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে।
সূত্র: আনাদোলু
ইরানকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা চলছে: গালিবাফ
'যুদ্ধ ও নিষেধাজ্ঞা' ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি: আইআরজিসি কমান্ডার