১৫ দেশের সঙ্গে সীমান্ত, ইরানকে অবরুদ্ধ করা কঠিন: পেজেশকিয়ান

ইরানকে সহজে অবরুদ্ধ বা বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ১৫টি দেশের সঙ্গে ইরানের সীমান্ত থাকায় বিভিন্ন পথে বাণিজ্য, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তেহরানের।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তুর্কমেনিস্তান সফরে রওনা হওয়ার আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের প্রসঙ্গে এসব কথা বলেন পেজেশকিয়ান। স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের সম্মেলন এবং কাস্পিয়ান সাগরবিষয়ক একটি পরিবেশ ফোরামে অংশ নিতে তাঁর আশগাবাত যাওয়ার কথা ছিল।

পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সমুদ্র অবরোধের প্রভাব কমাতেও এটি ভূমিকা রাখতে পারে। বিপুলসংখ্যক দেশের কাছাকাছি অবস্থানের কারণে প্রতিপক্ষ সহজে ইরানকে ঘিরে ফেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

কাস্পিয়ান সাগর বর্তমানে বিভিন্ন পরিবেশগত হুমকির মুখে রয়েছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, এ সাগরের তীরবর্তী দেশগুলোর সম্মেলনে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। কারণ, এই জলভাগের কোনো ক্ষতি হলে আশপাশের দেশগুলোকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, আঞ্চলিক বিভিন্ন সংকটের পাশাপাশি বহুপক্ষীয় সম্পর্ক, একতরফাবাদ মোকাবিলা, জ্বালানি সহযোগিতা এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যও এই সফর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি