আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি ভবিষ্যতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হতে পারেন, এমন আশঙ্কায় তাকে হত্যা করেছিল ইসরায়েল বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা তাংসিরিকে অত্যন্ত সৃজনশীল ও দক্ষ কমান্ডার হিসেবে দেখতেন এবং আশঙ্কা ছিল, তিনি আইআরজিসির নেতৃত্বে এলে আরও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তাদের কাছে তাংসিরির নেতৃত্বের সক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী সময়ে আইআরজিসির প্রধান হওয়া আহমাদ ভাহিদির তুলনায় তাংসিরি ইরানের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকরভাবে প্রভাবিত করতে পারবেন বলে মনে করতেন তারা।
জেরুজালেম পোস্ট আগের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আরও জানিয়েছে, মার্চের ১৯ তারিখের দিকে যুক্তরাষ্ট্রের জেনারেল ব্র্যাড কুপার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামিরকে গোপনে ফোন করে তাংসিরিকে হত্যার অনুরোধ করেছিলেন। হরমুজ প্রণালি ও বৃহত্তর নৌ সংঘাতে তাংসিরিকে গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জামির ওই অনুরোধ অনুমোদন করেন এবং ২৬ মার্চ তাংসিরিকে হত্যা করা হয়। তবে তাংসিরিকে লক্ষ্যবস্তু করার পেছনে ইসরায়েলের একাধিক কারণ ছিল বলে জানিয়েছে পত্রিকাটি। এর মধ্যে আইআরজিসির সম্ভাব্য ভবিষ্যৎ প্রধান হিসেবে তাংসিরির উত্থানের আশঙ্কাও ছিল।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাংসিরিকে হত্যার বিষয়ে ইসরায়েলের আগে থেকেই সমর্থন ছিল। তবে কুপারের অনুরোধ সেই অভিযানকে এগিয়ে নিতে সহায়তা করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল