ইসলামি বিপ্লব নয়, বরং ইরানের শক্তিশালী ও স্বাধীন সভ্যতাই যুক্তরাষ্ট্রের মূল সমস্যা বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিজেদের পক্ষের প্রতিরোধকে প্রশংসা করা হলেও অন্যদের প্রতিরোধকে অবজ্ঞা করা সভ্যতার পরিচয় নয়; বরং আধিপত্য প্রতিষ্ঠার যুক্তি তৈরির চেষ্টা।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবিওর বক্তব্যে আপাতবিরোধিতা তুলে ধরেন ভেলায়াতি। তিনি বলেন, প্রাচীন গ্রিসে শেষ ব্যক্তি পর্যন্ত প্রতিরোধের প্রশংসা করা হয়, অথচ ইরানি জাতির প্রতিরোধকে ‘মৃত্যু উপাসনার সংস্কৃতি’ বলে অবজ্ঞা করা হয়।
ভেলায়াতির ভাষ্য অনুযায়ী, প্রতিরোধ নিজের পক্ষের হলে তার প্রশংসা করা এবং অন্যের ক্ষেত্রে সেটিকে খাটো করে দেখা কোনো সভ্যতার পরিচয় নয়। বরং এ ধরনের দ্বৈত অবস্থান অন্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বৈধতা দেওয়ার কৌশল।
যুক্তরাষ্ট্রের নৈতিকতার কথা বলার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন ভেলায়াতি। হিরোশিমা, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত একটি দেশের অন্যদের নৈতিকতা শেখানোর অধিকার নেই। তার মতে, ওয়াশিংটনের বিরোধিতা কেবল ইসলামি বিপ্লবকে ঘিরে নয়, বরং ইরানের শক্তিশালী ও স্বাধীন সভ্যতাকে কেন্দ্র করেই।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এথেন্সে এক বক্তব্যে পশ্চিমা সভ্যতার প্রসঙ্গ তুলে ইরান ও দেশটির সভ্যতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ভেলায়াতি পাল্টা প্রতিক্রিয়া জানালেন। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি