কুখ্যাত মাদক সম্রাটকে নিয়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের অনুরোধ সত্ত্বেও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসের বিচার নিজ দেশেই করার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের অন্যতম মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি হিসেবে খুঁজছিল দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মেক্সিকোর এ সিদ্ধান্তে দুই দেশের মধ্যে আগে থেকেই চলা টানাপোড়েন আরও বাড়তে পারে।

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এর্নেস্তিনা গোদয় বলেন, মেসা ফ্লোরেসের বিচার মেক্সিকোতেই করা হবে।

গত শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে শহরের একটি স্থাপনায় মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের কয়েক ঘণ্টার সংঘর্ষের পর গ্রেপ্তার হন মেসা ফ্লোরেস। পরদিন তাঁকে উড়োজাহাজে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

মেক্সিকোয় তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং বিক্রির উদ্দেশ্যে মেথামফেটামিন মাদক সংরক্ষণের অভিযোগ রয়েছে।

প্রত্যর্পণ চেয়েছে যুক্তরাষ্ট্র

সোমবার এর আগে মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, সিনালোয়া থেকে মেসা ফ্লোরেস গ্রেপ্তারের পর তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, মেসা ফ্লোরেসকে ধরতে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। তবে অভিযানে সরাসরি অংশ নেয়নি দেশটির কোনো বাহিনী।

কর্তৃপক্ষ আরও জানায়, অভিযানের আগে মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকোয় মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সংবেদনশীলতা ও বিতর্ক থাকলেও এ সহযোগিতা করা হয়।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর চলা ওই অভিযানে দেশটির চার সেনাসদস্য এবং মাদক চক্রের ১৬ সদস্য নিহত হয়েছেন।

মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের অভিযোগ, মেসা ফ্লোরেস একটি বড় মাদক পাচার নেটওয়ার্কের নেতৃত্ব দিতেন। এই চক্রের মাধ্যমে হেরোইন, কোকেন, মেথামফেটামিন, গাঁজা ও ফেন্টানিল সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করা হতো।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে ছয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী অপরাধী চক্র পরিচালনা, মাদক সন্ত্রাসবাদ, অর্থ পাচারের ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্রসংক্রান্ত অপরাধ।

মেসা ফ্লোরেসের গ্রেপ্তার মেক্সিকোর মাদক কারবারি চক্রগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক কয়েকটি বড় অভিযানের অংশ। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে মাদক চক্রের আরেক শীর্ষ নেতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা নিহত হন।

এদিকে, সংগঠিত অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে মেক্সিকো সরকারের ওপর চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে মেসা ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দিয়ে মেক্সিকোয় বিচার করার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

 

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত