ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নারী পুলিশ কর্মকর্তা নুসরাত এফতেখারিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (১২ অক্টোবর) পুলিশের মুখপাত্র সাঈদ মুনতাজের উল মাহদি এ তথ্য জানিয়েছেন। যৌথ অভিযানে গোয়েন্দা বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা অংশ নেয় বলে জানান তিনি।
মুনতাজের উল মাহদি বলেন, সিস্তান ও বেলুচিস্তানে বিস্ফোরক হামলায় এফতেখারি নিহত হওয়ার ঘটনায় দায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রদেশটির পুলিশ বিভাগের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। একটি গ্রামের উদ্দেশে যাওয়ার পথে বিস্ফোরকের আঘাতে তাঁকে হত্যা করা হয়।
পুলিশের মুখপাত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জইশ আল-আদল নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। ওই হামলায় এফতেখারির দুই সহকর্মীও আহত হন। মুনতাজের উল মাহদি আরও বলেন, বেসামরিক বাজার ও ভবনকে আড়াল হিসেবে ব্যবহার করে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল গোষ্ঠীটির সদস্যরা।
ইরান-পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান অঞ্চলে সক্রিয় জইশ আল-আদলকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে ইরানি কর্তৃপক্ষ। প্রদেশটিতে একাধিক হামলার জন্যও গোষ্ঠীটিকে দায়ী করা হয়েছে।
এর আগে রোববার আরেকটি যৌথ অভিযানে গোষ্ঠীটির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মুখপাত্র। ওই অভিযানে চাবাহার শহরে গোষ্ঠীটির একটি গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। সেখান থেকে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সূত্র: প্রেস টিভি