মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রশ্নটি নতুন করে গুরুত্ব পাচ্ছে। যুদ্ধের ব্যয় ও সামরিক অভিযান চালানোর জন্য অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক তৈরি হতে পারে। ডেমোক্র্যাটরা অর্থ বরাদ্দের শর্ত দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার চেষ্টা করছেন।
গত নয় মাস ধরে চলা এই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের আগের উদ্যোগগুলো সফল হয়নি। এখন হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থার মধ্যে ট্রাম্প আবারও ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা। এতে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকিও বাড়তে পারে।
এ পরিস্থিতিতে নতুন অর্থ বরাদ্দের বিলকে ট্রাম্পের ওপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন ডেমোক্র্যাটরা। বিলটিতে যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ সীমিত করার শর্ত যুক্ত করা হলে ট্রাম্পের সামরিক পদক্ষেপের ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনা চলছে।
অর্থ বরাদ্দের বিল দিয়ে কি যুদ্ধ বন্ধ করা সম্ভব?
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দের মেয়াদ আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে। সরকার বন্ধ হয়ে যাওয়া এড়াতে এবং বিভিন্ন সরকারি সংস্থা, সেবা ও যুদ্ধকালীন সামরিক কার্যক্রম চালু রাখতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা নতুন অর্থ বরাদ্দের বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন।
গত সপ্তাহে কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি ও রো খান্না তাঁদের দলের সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, ১১ ডিসেম্বরের অর্থ বরাদ্দের সময়সীমাকে কাজে লাগিয়ে হোয়াইট হাউসকে যুদ্ধ বন্ধে চাপ দিতে।
তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের কার্যক্রম সচল রাখতে কংগ্রেসকে নতুন অর্থ বরাদ্দের প্যাকেজ অনুমোদন করতে হবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত করতে করদাতাদের অর্থের আর এক পয়সাও যেন ব্যয় না হয়, তা নিশ্চিত করতে কংগ্রেসের সাংবিধানিক অর্থ বরাদ্দের ক্ষমতা ব্যবহার করা উচিত।
ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনায় অর্থ ব্যয় নিষিদ্ধ করার স্পষ্ট শর্ত না থাকলে তাঁরা কোনো অর্থ বরাদ্দের প্যাকেজ সমর্থন করবেন না বলেও জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধ বন্ধের দাবিতে থাকা মার্কিন জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান নতুন কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধ করুক।
লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, অর্থ বরাদ্দের বিলটি ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের স্বাধীনতার ওপর প্রথম বড় ধরনের প্রাতিষ্ঠানিক বাধা হয়ে উঠতে পারে।
আলজাজিরাকে তিনি বলেন, এখন পর্যন্ত ওয়াশিংটনের সামরিক কৌশল কংগ্রেসের বিরোধিতার বাইরে অনেকটাই স্বাধীনভাবে পরিচালিত হয়েছে। ডেমোক্র্যাটরা এবার নতুন অর্থ বরাদ্দের মাধ্যমে আক্রমণাত্মক সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার চেষ্টা করছেন।
প্রধান বাধা কী?
যুদ্ধ বন্ধের জন্য অর্থ বরাদ্দ সীমিত করা হবে, নাকি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে সমঝোতা করা হবে—এ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে মতভেদ রয়েছে।
গত বছর ২০২৬ সালের অর্থ বরাদ্দ অনুমোদন করতে না পারায় ১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৪৩ দিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বন্ধ ছিল।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সাংবাদিকদের বলেন, মার্কিন জনগণ আরেকটি সরকারি অচলাবস্থা বা শাটডাউন চায় না। তাঁর মতে, আবারও সরকার বন্ধ হয়ে গেলে তা বড় ধরনের ভুল হবে এবং দেশের মানুষের প্রতি অবিচার করা হবে।
ভার্মন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ রয়টার্সকে বলেন, তাঁরা যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ দিতে চান না, আবার সরকারও বন্ধ করতে চান না। এই দুই পরিস্থিতির মধ্যে কীভাবে সমাধান করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।
সিনেটে নতুন অর্থ বরাদ্দের বিল পাস করতে ১০০ সদস্যের মধ্যে অন্তত ৬০ ভোট প্রয়োজন। জানুয়ারি পর্যন্ত সিনেটে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৫টি আসন রয়েছে। জানুয়ারিতে নতুন সিনেটররা দায়িত্ব গ্রহণ করলে রিপাবলিকানদের আসন ৪৪ এবং ডেমোক্র্যাটদের ৫৪ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অর্থ বরাদ্দ সীমিত করলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই। আন্দ্রেয়াস ক্রিগ বলেন, আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য অর্থ ব্যয় সীমিত করা হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকতে পারে। ইরানও সামুদ্রিক চলাচল নিয়ে বিরোধ অব্যাহত রাখতে পারে। পারমাণবিক কর্মসূচির পরিদর্শন, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের মৌলিক বিরোধ এখনো সমাধান হয়নি।
তাঁর মতে, বিলটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। এর কার্যকারিতা নির্ভর করবে চূড়ান্ত ভাষা, বিধিনিষেধের ধরন এবং ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেন কি না, তার ওপর।
অর্থ বরাদ্দ কমানো হলে ট্রাম্প কি বিল আটকে দিতে পারেন?
হ্যাঁ। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের শক্ত অবস্থান তৈরি হলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সাংবিধানিক ক্ষমতা রয়েছে কংগ্রেসে পাস হওয়া কোনো বিল প্রত্যাখ্যান করার।
প্রেসিডেন্ট কোনো বিল ভেটো করলে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে সেই ভেটো বাতিল করতে হয়। ডেমোক্র্যাটদের এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে রিপাবলিকানদের উল্লেখযোগ্য সমর্থন ছাড়া ট্রাম্পের ভেটো অতিক্রম করা কঠিন হবে।
যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করার বিল আটকে দিলে ট্রাম্পের জন্য পরিস্থিতি জটিল হতে পারে। কারণ, ভেটোর ফলে অর্থ বরাদ্দ নিয়ে অচলাবস্থা তৈরি হয়ে সরকার বন্ধ হলে সামরিক বাহিনীর সদস্যদের বেতনসহ অন্যান্য সরকারি ব্যয়ও বাধাগ্রস্ত হতে পারে।
অন্যদিকে, সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক কার্যক্রমের জন্য অর্থ বরাদ্দ রাখা হলে তা যুদ্ধের পাশাপাশি ইরানের বন্দরগুলোতে চলমান নৌ অবরোধও অব্যাহত রাখতে পারে।
অর্থ বরাদ্দ না পেলেও কিছু সময় যুদ্ধ চালাতে পারবেন ট্রাম্প
কংগ্রেস নতুন অর্থ বরাদ্দ বন্ধ করে দিলেও বিদ্যমান সামরিক সম্পদ ও অর্থ দিয়ে ট্রাম্প কিছু সময়ের জন্য অভিযান চালিয়ে যেতে পারেন বলে মনে করেন আন্দ্রেয়াস ক্রিগ।
তিনি বলেন, পেন্টাগনের যুদ্ধক্ষেত্রে যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে। অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলেই যে প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে নতুন করে হামলা চালাতে পারবেন না, এমন নয়।
তবে সামরিক অভিযান বাড়ানোর সক্ষমতা থাকা এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য থাকা এক বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি।
ক্রিগের দাবি, ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ও আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
তাঁর মতে, কংগ্রেস শুধু নতুন অর্থ বরাদ্দ প্রত্যাখ্যান করছে, নাকি আগে অনুমোদিত অর্থ ব্যবহার করে আক্রমণাত্মক অভিযান চালানোও স্পষ্টভাবে নিষিদ্ধ করছে—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যুদ্ধ বন্ধে অর্থ বরাদ্দ আটকে দেওয়ার নজির
যুদ্ধ বন্ধে অর্থ বরাদ্দের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ ব্যবহার করার নজির রয়েছে যুক্তরাষ্ট্রে।
ভিয়েতনাম যুদ্ধের সময় ১৯৬৪ সালে কংগ্রেস একটি প্রস্তাব পাস করে তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে যুদ্ধ ঘোষণা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেনা পাঠানোর ক্ষমতা দিয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেনাদের মনোবল কমে যায় এবং যুদ্ধ ক্রমেই অজনপ্রিয় হয়ে ওঠে।
১৯৭৩ সালে কংগ্রেস ওই প্রস্তাব বাতিল করে এবং সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়।
অন্যদিকে, ২০০৭ সালে ইরাক যুদ্ধ বন্ধ করতে ডেমোক্র্যাটরা একাধিকবার উদ্যোগ নেন। তাঁরা সামরিক অর্থ বরাদ্দের বিলের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সূচি যুক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ বিলটি ভেটো করেন। এরপর রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সেনা প্রত্যাহারের শর্তটি বিল থেকে বাদ দেন।
আন্দ্রেয়াস ক্রিগের মতে, ইরান যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো অর্থ বরাদ্দ আটকে দেওয়ার ক্ষমতা।
১১ ডিসেম্বরের অর্থ বরাদ্দের সময়সীমা জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ডেমোক্র্যাটদের আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে সামরিক অস্ত্রের মজুত পুনরায় পূরণ করার বিনিময়ে আক্রমণাত্মক অভিযান সীমিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা একাই নতুন বিধিনিষেধ কার্যকর করার নিশ্চয়তা দিতে পারে না। ক্রিগের মতে, কংগ্রেসের হস্তক্ষেপের সবচেয়ে বড় প্রভাব হতে পারে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে চাপ তৈরি করা।
সূত্র: আল-জাজিরা
মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালি টিকতে পারেনি: কাওসারি
ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ভিন্ন চিন্তা
সংখ্যালঘুদের নিশানা করে ভারতে চলছে অঘোষিত ‘বুলডোজার নীতি’
ক্লাসে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, শিক্ষার্থীরা কোথায়?