সৌদির আরামকো, রিয়াদ বিমানবন্দর ও তেল শোধনাগারে হুথিদের হামলা

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি তেল শোধনাগার লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর দাবি করেছে। একই সঙ্গে আগামী দিনগুলোতেও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ধাহরানের আরামকো স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে অভিযান চালিয়েছে। সারি দাবি করেন, বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সৌদি আরবের অভ্যন্তরীণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযানে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানান হুথিদের এই সামরিক মুখপাত্র।

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: আলজাজিরা