ব্যাংকিং নিষেধাজ্ঞায় পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধের শঙ্কা

নিষেধাজ্ঞাজনিত ব্যাংকিং বিধিনিষেধের কারণে পাকিস্তানে ইরানের পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তেহরান চেম্বার অব কমার্সের পরিবহন কমিশনের প্রধান পেইমান সানানদাজি।

শনিবার (১৭ অক্টোবর) তিনি বলেন, দুই দেশের মধ্যকার স্থলবাণিজ্য সীমান্ত এখনো খোলা রয়েছে। সীমান্তের একটি প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া একটি চিঠির তথ্যও নাকচ করেন তিনি।

সানানদাজি জানান, ইরান থেকে পণ্য আমদানি করতে পাকিস্তানি আমদানিকারকদের নিজ নিজ ব্যাংকে বৈদ্যুতিন আমদানি ফরম জমা দিতে হয়। কিন্তু ইরানের ব্যাংকগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে এ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

এই ব্যাংকিং বিধিনিষেধ অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেন তিনি। অর্থাৎ, স্থলসীমান্ত খোলা থাকলেও ব্যাংকিং কার্যক্রমে বাধার কারণে দুই দেশের বাণিজ্যের একদিকে রপ্তানি কার্যক্রম থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল