হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দ্বিতীয় একটি তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। শনিবার (১৭ অক্টোবর) বাহিনীটি জানায়, জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। ইরানের নৌবাহিনীর দাবি অনুযায়ী, ট্যাংকারটি তাদের ভাষায় একটি ‘অবৈধ’ পথ দিয়ে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছিল।
আইআরজিসির নৌবাহিনী আরও দাবি করেছে, ট্যাংকারটি তার অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রতারণামূলক কৌশলের মাধ্যমে জাহাজটি এ কাজ করেছে বলেও অভিযোগ করেছে তারা।
বাহিনীটির ভাষ্য অনুযায়ী, নৌমাইনের আঘাতে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর ফলে জাহাজটি ঘটনাস্থলেই থেমে যায়।
তবে ট্যাংকারটির নাম, এর গন্তব্য, হতাহতের ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইআরজিসির নৌবাহিনীর দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল