কাতারের মধ্যস্থতায় হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের প্রস্তাব 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল চালুর জন্য সাত দিনের একটি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দিয়ে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব।

আরাঘচি বলেন, ‘আমরা সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জানিয়েছি। বলেছি, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে জুনে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ওই চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য যেসব প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, সেগুলোও উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরাঘচি বলেন, ‘কোনো দেশকে বোমা হামলা চালিয়ে আঘাত করা, তাকে ধ্বংস করার হুমকি দেওয়া এবং অবরোধের মধ্যে রেখে আবার আশা করা যায় না যে সামুদ্রিক নিরাপত্তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান বলপ্রয়োগ, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন মেনে নেয় না। চাপের মুখে নিজেদের সার্বভৌম অধিকারও ছেড়ে দেবে না। তবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ভিত্তিতে সংলাপের জন্য ইরান এখনো প্রস্তুত।’

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার সংঘাত প্রসঙ্গেও কথা বলেন আরাঘচি। তিনি বলেন, ইরান উভয় দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে। আগে সম্মত হওয়া শান্তির রূপরেখার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতেও তেহরান প্রস্তুত রয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত