ট্রাম্পের বক্তব্যেই ইরানের কাছে পরাজয় স্বীকার পরিষ্কার: আইআরজিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ইরানের কাছে পরাজয় স্বীকার হিসেবে দেখছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। এক সামরিক মহড়ায় বক্তব্য দিতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তাদের জন্য ‘সব ক্ষেপণাস্ত্রের বাবা’ প্রস্তুত করা হয়েছে। ইরানে নতুন করে সামরিক হামলা হলে তার জবাব আরও বিস্তৃত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাকদি বলেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো কার্যত ইরানের বিরুদ্ধে পরাজয় মেনে নেওয়ারই ইঙ্গিত দিচ্ছে। তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরান এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, যা দিয়ে শত্রুপক্ষকে কঠোর জবাব দেওয়া সম্ভব।

ইরানের ওপর নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে হামলাকারী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও জ্বালানি খাতের বিনিয়োগও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন নাকদি। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা এ ধরনের স্থাপনা ও বিনিয়োগ ইরানের সামরিক অভিযানের আওতার মধ্যে থাকবে। ফলে এসব স্থাপনার নিরাপত্তাও সরাসরি ঝুঁকির মুখে পড়বে।

নাকদির এই বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান হলে তেহরানের প্রতিক্রিয়া শুধু সরাসরি সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; হামলাকারী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগও হুমকির মুখে পড়তে পারে। তবে কোন ক্ষেপণাস্ত্রকে ‘সব ক্ষেপণাস্ত্রের জননী’ বলা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল