যুক্তরাষ্ট্রের মাটিতে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ফ্রি-স্টাইল বিভাগে দলীয় শিরোপা জেতায় ইরানের কুস্তিগিরদের অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি। এই বিশ্বজয় এবং প্রতিযোগিতায় মোট নয়টি পদক অর্জনের সাফল্য ইরানের জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি জাগিয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, বিভিন্ন রঙের নয়টি পদক জয়ের মধ্য দিয়ে পাওয়া এই অর্জন ইরানের জনগণের হৃদয় আনন্দ ও গর্বে ভরিয়ে দিয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-২৩ গ্রেকো-রোমান কুস্তি দলও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্রি-স্টাইল দলের এই সাফল্যও একইভাবে প্রশংসার দাবিদার।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই অর্জনের পেছনে রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নিবেদিতপ্রাণ প্রশিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং দেশের শক্তিশালী ও সাহসী তরুণ ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম। সাফল্যটি কোনো একক প্রচেষ্টার ফল নয়; বরং কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়দের সম্মিলিত উদ্যোগের প্রতিফলন বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।
বার্তায় মোজতবা খামেনি ইরানের কুস্তি দল ও দেশটির জনগণকে অভিনন্দন জানান। বিশেষভাবে দেশের চ্যাম্পিয়ন তরুণদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের অর্জনের প্রশংসা করেন তিনি।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ সালের অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফ্রি-স্টাইল বিভাগে দলীয় শিরোপা জেতে ইরান। চারটি স্বর্ণপদক নিয়ে রাশিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করে ইরানি দল। এই সাফল্যের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ইরানি ফ্রি-স্টাইল কুস্তিগিররা। সূত্র: প্রেস টিভি