হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পাহারা দেওয়া অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা অব্যাহত থাকলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এএফপির বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বুঝতে হবে, হরমুজ প্রণালিতে জাহাজ পাহারা দেওয়ার এই তৎপরতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোও সংঘাতের আওতায় চলে আসবে। এ বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটনকে সরাসরি সতর্ক করেছে ইরানের বাহিনীটি।
আইআরজিসি তাদের বিবৃতিতে এই হুঁশিয়ারিকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলেও উল্লেখ করেছে। তবে কোন কোন মার্কিন ঘাঁটি সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। ফলে প্রণালিটিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়লে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে। সূত্র: ডন