ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকলে দেশটি আবারও শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোকে পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে তুলে ধরে এ লক্ষ্য অর্জনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। ইরানের বর্তমান সামরিক পরিস্থিতি ও দেশটির শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, ইরান এখন মারাত্মকভাবে দুর্বল অবস্থায় রয়েছে।
নেতানিয়াহু বলেন, ইরান পঙ্গু হয়ে পড়েছে এবং নতজানু অবস্থায় রয়েছে। তবে দেশটির বর্তমান শাসনব্যবস্থা যত দিন টিকে থাকবে, তত দিন তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাবে।
ইরানের পুনরায় শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনাকে সামনে রেখে দেশটির শাসনব্যবস্থার অবসানের ওপর জোর দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার দাবি, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানোই পরিস্থিতির স্থায়ী সমাধান নিশ্চিত করার একমাত্র উপায়।
এ লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান নেতানিয়াহু। তার ভাষ্য, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো হবে। তবে এ লক্ষ্য অর্জনে কী ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সাক্ষাৎকারে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি তিনি।
এদিকে, ইরানে ইসরায়েলের পরিকল্পিত হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছিলেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদন অস্বীকার করে নেতানিয়াহু বলেন, এর তথ্য সঠিক নয়।
ইরানে ইসরায়েলি হামলা থামাতে হস্তক্ষেপ করেছিলেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত ইরানের, টার্গেট মার্কিন ঘাঁটি
ট্রাক চলাচলে বাধা, পাকিস্তান সীমান্ত বন্ধের হুঁশিয়ারি ইরানের