ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন নরওয়েতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলিরেজা জাহাঙ্গির। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো নতুন সামরিক আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। যারা যুদ্ধ শুরু করবে, তাদের এর মূল্য দিতে হবে।
নরওয়ের টেলিভিশন নেটওয়ার্ক এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাহাঙ্গির এ অবস্থান তুলে ধরেন। ইরানে আবারও সামরিক হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, তেহরান সংঘাত বাড়াতে আগ্রহী নয়। তবে দেশের ওপর নতুন করে হামলা হলে আত্মরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।
ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালালে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তেহরান, এমন হুঁশিয়ারিও দেন এই কূটনীতিক। তাঁর বক্তব্য, কোনো দেশের ওপর সামরিক আগ্রাসন চালানো হলে আক্রান্ত রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার রয়েছে।
প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও পাল্টা জবাব দেওয়া হবে বলে জানান জাহাঙ্গির। তিনি বলেন, তৃতীয় কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রের ওপর হামলা চালানো হলে সেটিও আগ্রাসনে অংশ নেওয়ার শামিল। এ ক্ষেত্রে আক্রান্ত দেশের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।
যুদ্ধের স্থায়ী অবসানের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, কেবল সাময়িক যুদ্ধবিরতি দিয়ে সংকটের সমাধান হবে না। প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে যাতে একই ধরনের সংঘাত আর না ঘটে, সে জন্য কার্যকর নিশ্চয়তা দিতে হবে।
জাহাঙ্গিরের বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে ওয়াশিংটনের হুমকি নিয়ে উত্তেজনা বাড়ছে। তেহরানের অবস্থান হলো, তারা যুদ্ধ শুরু করতে চায় না; তবে নতুন করে হামলার শিকার হলে আত্মরক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে। একই সঙ্গে ভবিষ্যতে সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে স্থায়ী সমাধান ও কার্যকর নিশ্চয়তার ওপর জোর দিচ্ছে ইরান। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি