ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এ লক্ষ্যে গোষ্ঠীটির সামরিক ও রাজনৈতিক শাখা, নেতৃত্ব এবং সামরিক ও নিরাপত্তা কাঠামোকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইইউ কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে পার্লামেন্ট।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে হুথিদের হামলাকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এসব হামলার কথা তুলে ধরে গোষ্ঠীটিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন পার্লামেন্টের সদস্যরা।
প্রস্তাবে হুথিদের শুধু সামরিক শাখা নয়, তাদের রাজনৈতিক শাখা, নেতৃত্ব এবং সামরিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট কাঠামোকেও তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এর মধ্য দিয়ে গোষ্ঠীটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান আরও কঠোর করার চাপ তৈরি হলো।
তবে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব পাস হওয়াই হুথিদের ইইউর সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইইউ কাউন্সিলের। প্রস্তাবের পর কাউন্সিল কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সূত্র:আলজাজিরা