প্রমোদতরীতে সৌদি হামলা, ভারতীয় নাগরিকদের উদ্ধার করলো হুথিরা

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে জুকার দ্বীপের আশপাশে ১৪ জন ভারতীয় নাগরিককে বহনকারী একটি  প্রমোদতরীতে সৌদি আরবের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার পর নৌযানটিতে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি বলেন, জুকার দ্বীপের কাছে ভারতীয় নাগরিকদের বহনকারী প্রমোদতরীকে লক্ষ্যবস্তু করে সৌদি সেনাবাহিনী। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তিনি এ অভিযোগ করেন। নৌযানটিতে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানান তিনি।

সারি আরও দাবি করেন, হামলার পর নৌযানটিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেছে হুথিরা। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা, নৌযানটির ক্ষয়ক্ষতি কিংবা উদ্ধার অভিযানের বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

হুথি মুখপাত্র সতর্ক করে বলেন, সৌদি আরবের এমন পদক্ষেপ লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। তার অভিযোগ, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক জলসীমায় চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ লোহিত সাগর। এই অঞ্চলে নৌযানকে লক্ষ্য করে হামলার অভিযোগ তাই যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি সামুদ্রিক যোগাযোগের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন