লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে ১৪ ভারতীয় নাগরিককে বহনকারী একটি ইয়ট বা প্রমোদতরিতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানায়, নৌযানটিতে থাকা ভারতীয়দের উদ্ধারে তাদের বাহিনী কাজ করছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি আরবের হামলার লক্ষ্যবস্তু হয়েছে ভারতীয় নাগরিকদের বহনকারী ইয়টটি। উদ্ধার তৎপরতা সম্পর্কে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সারি অভিযোগ করেন, সৌদি আরবের এ পদক্ষেপ লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও দাবি করেন তিনি।
ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ১৪ ভারতীয় নাগরিকের বিষয়ে পাওয়া খবর তারা খতিয়ে দেখছে। একই সঙ্গে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে ভারতীয় নাগরিকদের প্রকৃত অবস্থান, তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে কি না এবং ইয়টটিতে হামলার ঘটনা ঘটেছে কি না—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি এমন এক সময়ে সামনে এল, যখন এর আগের দিন সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ওই ঘটনায় আরও একজন নিহত এবং দুই ভারতীয় নাগরিক আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে বিমানবন্দরে হামলা এবং ইয়ট-সংক্রান্ত অভিযোগের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য নেই।