'ট্রাম্পের প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরও ইরানের রিজার্ভ চলবে' 

মার্কিন অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরও তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।

নিউইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের ফাঁকে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। হেম্মাতির দাবি, অর্থনৈতিক চাপ মোকাবিলা করার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সম্পদ ইরানের হাতে রয়েছে।

ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ জানতে চাইলে হেম্মাতি নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করতে অস্বীকৃতি জানান। ব্লুমবার্গের প্রতিবেদককে তিনি বলেন, রিজার্ভের পরিমাণ জানিয়ে কি তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে তথ্য দিতে চান? এরপর তিনি বলেন, এ তথ্য প্রকাশ করবেন না।

তবে রিজার্ভের পরিমাণ গোপন রাখলেও এর পর্যাপ্ততা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তার ভাষ্য, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব ভালো অবস্থায় রয়েছে এবং ট্রাম্পের প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার পরও তা ইরানের জন্য যথেষ্ট হবে।

আগামী দুই বছর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলেও ইরানের রিজার্ভ তা মোকাবিলা করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবেও ইতিবাচক উত্তর দেন হেম্মাতি। তিনি বলেন, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারেই যথেষ্ট।

তবে সাক্ষাৎকারে ইরানের রিজার্ভের প্রকৃত পরিমাণ বা তা দিয়ে কত দিন আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক দায় মেটানো সম্ভব, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি