শীতের আগে গ্যাস সাশ্রয়ে দেশজুড়ে প্রচারের ডাক গালিবাফের

শীত ঘনিয়ে আসার সঙ্গে গ্যাসের সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশজুড়ে গ্যাসের ব্যবহার অন্তত ১০ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শীতকালে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যে তিনি এই উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওবার্তায় গালিবাফ বলেন, আসন্ন শীত পার করতে হলে দেশজুড়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য গ্যাসের ব্যবহার অন্তত ১০ শতাংশ কমাতে হবে বলে জানান তিনি।

ইরানে শীতকালে প্রায়ই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে তীব্র শীত অনুভূত হয়। এ সময়ে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয়।

এ পরিস্থিতিতে গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে গালিবাফ বলেন, আসন্ন শীত মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে গ্যাসের সম্ভাব্য ঘাটতির পরিমাণ কিংবা ব্যবহার কমাতে কী ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল