মোহসেনি এজেই'র সঙ্গে বৈঠক করলেন মোজতবা খামেনি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। শনিবার (২৪ অক্টোবর) এ বৈঠকের খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানো, দুর্নীতি দমন, দ্রুত ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা, অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর এবং বিচার বিভাগে ব্যাপক সংস্কারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আইন বাস্তবায়নের তদারকিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠকের শুরুতে বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই তার বিভাগের নতুন মেয়াদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে বিচার বিভাগ সংস্কারবিষয়ক নথি হালনাগাদ এবং মামলা নিষ্পত্তির সময় কমানো ও আদালতের রায়ের নির্ভুলতা বাড়াতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনাও ছিল।

মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে জনসমক্ষে উপস্থিত না হওয়ায় বৈঠকটি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। এরপর ৮ মার্চ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়ানা নিউজ জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির কোনো যাচাইকৃত জনসম্মুখের ছবি প্রকাশিত হয়নি। তবে এ সময় তিনি লিখিত বিবৃতি দিয়েছেন। বিচার বিভাগের প্রধানের সঙ্গে তার বৈঠকের খবর প্রকাশের পর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নতুন সর্বোচ্চ নেতার যোগাযোগ এবং তার দাপ্তরিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: ওয়ানা নিউজ

এএস
আরও পড়ুন