আবার যুদ্ধ শুরু হলে, ‘বিশ্বকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের এমপির’

ইরানে আবার যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে আগুনে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা আবুলফজল আবুতোরাবি। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে গিয়ে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ২৭ (অক্টোবর) দেওয়া বক্তব্যে ইরানের পার্লামেন্টের কাউন্সিলবিষয়ক কমিটির সদস্য আবুতোরাবি বলেন, শত্রুরা ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্র শক্তির অন্যতম উৎস। এ কারণে ইরানের উচিত এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেওয়া।

যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সংঘাতে ইরান পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আবার যুদ্ধ শুরু হলে দেশটির পাল্টা জবাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আবুতোরাবি জানান, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার মতো পদক্ষেপ নেওয়ার আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

এ ছাড়া পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় অবস্থিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো পারমাণবিক বোমার আঘাত সহ্য করতে পারবে বলে দাবি করেন তিনি। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন যাচাই বা প্রযুক্তিগত প্রমাণের উল্লেখ নেই।

এনপিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার সীমিত করা এবং শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক চুক্তি। আবুতোরাবির বক্তব্য ইরানের পারমাণবিক নীতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

তবে একজন আইনপ্রণেতার এই আহ্বানকে ইরান সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। দেশটির সর্বোচ্চ পর্যায়ে এনপিটি থেকে বেরিয়ে যাওয়া কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।