ইসরায়েলের পরবর্তী সরকারে বেন-গাভির ও স্মোট্রিচকে চান না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইসরায়েলের পরবর্তী সরকারে কট্টর ডানপন্থী দুই নেতা ইতামার বেন-গাভির ও বেজালেল স্মোটরিচ যেন জায়গা না পান। বুধবার (২৮ অক্টোবর) মার্কিন সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ট্রাম্পের আঞ্চলিক পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে এ সহিংসতা তার পরিকল্পনা বাস্তবায়নও কঠিন করে তুলছে। এ কারণে ইসরায়েলের পরবর্তী সরকারে বেন-গাভির ও স্মোটরিচকে না রাখার পক্ষে ট্রাম্প।

ইসরায়েলের নির্বাচনের ফলাফল সম্পর্কে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের অবহিত করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে বুধবার (২৮ অক্টোবর) ইরানের সঙ্গে যুদ্ধ নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, তার সিদ্ধান্তেই যুদ্ধের অবসান ঘটতে পারে। ট্রাম্পের ভাষায়, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, তবে তা সঠিকভাবে শেষ করা নিশ্চিত করতে হবে। যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে তিনি ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন দ্ব্যর্থহীন ঘোষণার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে ইরানকে বিশ্বের সন্ত্রাসবাদে মদদদাতা প্রধান রাষ্ট্র বলে অভিহিত করেন তিনি।

ইসরায়েলের নির্বাচনের প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। বুধবার সকালে চার মিলিয়নের বেশি ভোট গণনার পর দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে। তার দল লিকুদ পেতে পারে ২৭টি আসন। ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস ও বেন-গাভিরের ওৎজমা ইয়েহুদিত সাতটি করে এবং স্মোটরিচের রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ছয়টি আসন পেতে পারে।

অন্যদিকে ইয়াশার, বি’ইয়াখাদ, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটসকে নিয়ে গঠিত বিরোধী শিবির পেতে পারে ৪৯টি আসন। ফলে সরকার গঠনের প্রশ্নে অনিশ্চয়তা কাটেনি। প্রাথমিক হিসাব অনুযায়ী, বেন-গাভিরের দল ও স্মোটরিচের দল-জোট মিলিয়ে প্রায় ১৩টি আসন পেতে পারে। তাই নেতানিয়াহু আবার সরকার গঠনের চেষ্টা করলে তাঁদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নির্বাচনে প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারা আমচা ইসরায়েলের চেয়ারম্যান ওফের উইন্টার নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলোর অভিযোগ, নেতানিয়াহু তাঁদের দলের ভোট নিজের দিকে টেনে নিয়েছেন। এ পদক্ষেপকে তারা কৌশলগত ভুল বলে বর্ণনা করেছেন।

তবে আসনসংখ্যার এসব হিসাব এখনো প্রাথমিক। চূড়ান্ত ফল ও পরবর্তী জোট আলোচনা নির্ধারণ করবে ইসরায়েলের পরবর্তী সরকার কীভাবে গঠিত হবে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট