আসন কমে ৫৩-তে, চাপে নেতানিয়াহুর জোট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা কমে ৫৩টিতে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) প্রায় ৫০ লাখ ভোট গণনার পর দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত হিসাব অনুযায়ী, বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। অন্যদিকে, আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই এককভাবে নিশ্চিত করতে পারেনি।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস ও ওতজমা ইয়েহুদিত সাতটি করে এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ছয়টি আসন পেতে পারে। সব মিলিয়ে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়াচ্ছে ৫৩টি।

বিরোধী জোটের চারটি দল সম্মিলিতভাবে ৪৯ টি আসন পেতে পারে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২২টি আসন নিয়ে বিরোধী শিবিরের বৃহত্তম দল হতে পারে। নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন বি’ইয়াখাদ ১২টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস ৮টি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু ৭টি আসন পেতে পারে।

এদিকে, আরব দলগুলোর আসনসংখ্যা বেড়ে ১৯টিতে পৌঁছাতে পারে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ হিসাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম সাতটি আসন পেতে পারে। সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নেতানিয়াহুর অধীনে সরকার গঠনে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকোটসহ বিরোধী নেতাদের কয়েকজন। ফলে নেতানিয়াহু ও আইজেনকোটের নেতৃত্বাধীন শিবিরের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান দাবি করেছেন, আরব দলগুলোকে হিসাবে ধরলে বিরোধী শিবিরের আসনসংখ্যা ৬৫-তে পৌঁছায়। তিনি আরব নাগরিকদের অংশীদারত্বে পরিবর্তনের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরি করতে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন।

অন্যদিকে, আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের প্রস্তাব বিরোধী শিবিরের ভেতরেই বাধার মুখে পড়তে পারে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে ইসরায়েলে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত