ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বাড়াতে বিদেশ থেকে অর্থ পাঠানো হয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। এ ঘটনায় কাতার ও তুরস্কের সম্ভাব্য সংশ্লিষ্টতার সন্দেহ খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ শিন বেতের প্রধান ডেভিড জিনিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোলবার্গের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের স্বার্থবিরোধী বিভিন্ন পক্ষ বিদেশি অর্থায়নের মাধ্যমে নির্বাচনে অনুচিত প্রভাব বিস্তারের চেষ্টা করেছে বলে গুরুতর সন্দেহ সামনে এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের জন্য শিন বেতকে নিজস্ব তদন্তক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।
শিন বেতের তদন্তে বিদেশি অর্থায়নের সম্ভাব্য উৎস ও অর্থ স্থানান্তরের পথগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অতীতে সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত কিছু নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও রয়েছে। পাশাপাশি নগদ অর্থভর্তি খাম এবং রা’আম দলের ভোটের স্লিপ আটকের খবরও তদন্তের আওতায় এসেছে।
তবে কাতার ও তুরস্কের সংশ্লিষ্টতা কিংবা নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা যাচাই এবং ইসরায়েলের নির্বাচনে বিদেশি পক্ষের অনৈতিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছে কি না, তা নির্ধারণের চেষ্টা করছে শিন বেত। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট