হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ঘটে আগুন ধরে গেছে ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) অনুমোদনহীন একটি নৌপথ দিয়ে প্রণালিটি অতিক্রমের সময় মাইনের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) একই দিনে অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করতে গিয়ে এটি তৃতীয় তেলবাহী ট্যাংকার, যেটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে একই পথে চলাচলের চেষ্টার সময় আরও দুটি ট্যাংকার বিস্ফোরিত হয়ে আগুনে পুড়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।
বিস্ফোরণের পর সুপারট্যাংকারটি হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসতে থাকে। জাহাজটিতে তখনো আগুন জ্বলছিল বলে জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে জাহাজটির নাম, মালিকানা, গন্তব্য কিংবা নাবিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরানি নৌবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য বা অন্য কোনো পক্ষের বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: ওয়ানা নিউজ