হরমুজে দুটি তেলবাহী জাহাজে আগুন, চলাচল বন্ধ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

অনুমোদনহীন পথে প্রবেশের চেষ্টা এবং ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষার অভিযোগে দুটি ট্যাংকারে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হরমুজ প্রণালির দক্ষিণ জলসীমায় দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার পর সেগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক আইআরজিসির নৌবাহিনী।

শুক্রবার(৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজ দুটি হরমুজ প্রণালির পূর্ব ও পশ্চিম দিক থেকে এসে তাদের ভাষায় ‘অননুমোদিত’ একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করেছিল। এ সময় জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলোর চলাচল বন্ধ হয়ে পড়ে। আইআরজিসির অভিযোগ, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া বারবার রেডিওবার্তা পাঠিয়ে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে।

ইরানের নৌবাহিনী আরও অভিযোগ করেছে, জাহাজ দুটির হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছিল। ইরানের নির্ধারিত নৌচলাচলবিধি উপেক্ষা করার কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে ট্যাংকার দুটির নাম, পতাকাবাহী দেশ, মালিকানা, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্যের কথা মূল প্রতিবেদনে উল্লেখ নেই।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলে প্রভাব পড়তে পারে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত