যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুর নতুন ও বিস্তৃত তালিকা প্রস্তুত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি শনিবার এ তথ্য জানিয়ে সতর্ক করেছেন, নতুন করে কোনো হামলা হলে আগের চেয়েও ভয়াবহ ও কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি বলেন, ‘ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই আমরা শত্রুকে অত্যন্ত শক্তিশালী ও তীব্র আঘাতের মাধ্যমে জবাব দেব।’
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের প্রতি দেওয়া নির্দেশনার পর এক বার্তায় তিনি এসব কথা বলেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সাবেক উপপ্রধান আবদোল্লাহি জানান, নতুন লক্ষ্যবস্তুর তালিকায় আগের তুলনায় আরও বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা এবং স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে ইরান এবার ভিন্ন কৌশলে জবাব দেবে। সেই জবাব হবে ‘কল্পনাতীত’। যুদ্ধের পরিণতি কী হবে, তা তেহরানই নির্ধারণ করবে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যেকোনো মাত্রার হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো ভৌগোলিক সীমারেখায় নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ না রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও বিস্তৃত পরিসরের সম্পদ ও স্থাপনাকে সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি।
এ নির্দেশনার পরই ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে নতুন লক্ষ্যবস্তুর তালিকা এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থার ঘোষণা এলো।