চলমান উত্তেজনার মধ্যে এবার যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার তোয়াক্কা না করে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
খামেনি বলেন, শত্রুদের যেকোনো নতুন ‘সন্ত্রাসী হামলা’ রুখে দেওয়ার সময় ও শর্ত ইরান নিজেই নির্ধারণ করবে। একই সঙ্গে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করারও নির্দেশ দেন তিনি।
আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী ও ইসরায়েলের সংসদ নির্বাচন চলাকালে নতুন করে ইরানে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, নতুন যেকোনো মার্কিন হামলা সংঘাতকে কেবল আরো বড় পরিসরে ছড়িয়ে দেবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) যদি জায়নবাদীদের (ইসরায়েল) চাপে পড়ে এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা হিসেবে আবারও এ অঞ্চলে নতুন কোনো অ্যাডভেঞ্চারে লিপ্ত হন, তবে যুদ্ধের দাবানল নিঃসন্দেহে অনেক বড় পরিসরে ছড়িয়ে পড়বে।’
একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আমাদের জনগণের ক্ষতি করার দুঃসাহস করবে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
'পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান'