'সংঘাত কখন কীভাবে শেষ হবে, তা তেহরানই নির্ধারণ করবে'

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, তা তেহরানই নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলার জন্য আরও বিস্তৃত ভৌগোলিক এলাকার লক্ষ্যবস্তু ও সম্পদ চিহ্নিত করে নতুন তালিকা তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির ওপর নতুন করে কোনো হামলা হলে এবার আরও কঠোর ও নজিরবিহীন জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দেওয়া নির্দেশনার পর এক বার্তায় আবদুল্লাহি বলেন, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব অত্যন্ত শক্তি ও তীব্রতার সঙ্গে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমা মানা হবে না। সংঘাতের পরিণতি কী হবে, তা নির্ধারণের ক্ষমতা তেহরানের হাতেই থাকবে বলে জানান তিনি।

আবদুল্লাহি বলেন, ইরানের সামরিক বাহিনীর নতুন লক্ষ্যবস্তুর তালিকায় আগের তুলনায় আরও বিস্তৃত ভৌগোলিক এলাকার মধ্যে থাকা শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনা ও সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে কোনো হামলা চালালে ইরান এবার ভিন্ন পদ্ধতিতে জবাব দেবে। তার ভাষায়, সেই জবাব হবে অকল্পনীয়।

ইরানের সশস্ত্র বাহিনীর এই প্রধানের বক্তব্যের আগে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের যেকোনো মাত্রার হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দেন। পাল্টা পদক্ষেপের ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও বিস্তৃত পরিসরের সম্পদকে লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দিয়েছিলেন তিনি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল