যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই ইরানের: নিকজাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তাঁর দাবি, যত চাপই আসুক না কেন, তেহরান এ বিষয়ে আলোচনায় যাবে না। কারণ, ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়ার মতো নতুন কোনো প্রস্তাব নেই।

পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নিকজাদ বলেন, ইরান ও দেশটির সশস্ত্র বাহিনীর ‘অসাধারণ প্রতিরোধ’, ‘প্রবল শক্তি ও অদম্য মনোবল’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ‘তাদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।’

নিকজাদের দাবি, চলমান সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।

তিনি আরও বলেন, ‘চাপ যা-ই থাকুক, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেওয়ার মতো কিছুই নেই।’

ইরানের এই সংসদ সদস্যের অভিযোগ, অতীতে এই ইস্যুতে আলোচনার জন্য শত্রুপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছিল তাঁর দেশ। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটেছে। এমনকি ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনার কিছু অংশে বেআইনি বোমা হামলাও চালানো হয়েছে।

নিকজাদের বক্তব্য, এসব অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ফেরার কোনো কারণ দেখছে না তেহরান।