আধুনিক অস্ত্রে বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি মোহসেন রেজাই'র

ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে আধুনিক অস্ত্র ব্যবহার করে বিধ্বংসী পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, কূটনীতির পথ এখনো খোলা রয়েছে। তবে আলোচনায় ফিরতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে। অন্যথায় দেশটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

রোববার (১ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ রাখতে হলে তেহরানের পক্ষ থেকে জানানো সাতটি শর্ত পূরণ করতে হবে বলে ইরান বারবার স্পষ্ট করেছে। তবে দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে নতুন ও আধুনিক অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানা হবে।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির সশস্ত্র বাহিনীর প্রতি দেওয়া সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এ ধরনের হামলার জবাব দেওয়া হবে। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে সামরিক বাহিনীকে বুদ্ধিদীপ্তভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাবে দ্রুত, কার্যকরভাবে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শত্রুপক্ষ হিসেবে উল্লেখ করে তাদের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় আনতে সামরিক লক্ষ্যবস্তুর তালিকা পূর্ণাঙ্গভাবে হালনাগাদের নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি। তাঁর এই নির্দেশনার পরই নতুন করে হামলা হলে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন রেজাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি