ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-কে 'শত্রু গোষ্ঠী' ঘোষণা ইরানের

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রু গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তের জবাবে তেহরান এ পদক্ষেপ নিয়েছে। রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এমআই৬-কে দেশটির গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আইন অনুযায়ী শত্রু গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটির আনুষ্ঠানিক নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস)। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়।

তেহরানের অভিযোগ, গত এক বছর ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় সহায়তার জন্য ব্রিটিশ ভূখণ্ডের আওতাধীন সামরিক ঘাঁটি, স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে ইরান। পাশাপাশি গত ১৩ জুলাই আইআরজিসিকে যুক্তরাজ্যের ২০২৬ সালের স্টেট থ্রেটস আইনের আওতায় আনার সিদ্ধান্তকেও পাল্টা পদক্ষেপের কারণ হিসেবে তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া একই বিবৃতিতে যুক্তরাজ্যের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে ইরানের আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিরুদ্ধে প্রণীত ইরানি আইনের আওতায় এই দুই ব্রিটিশ সামরিক শাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাজ্যের নীতিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অন্য দেশের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ না নেওয়ার নীতির কথা উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে ইরান বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশটি দৃঢ়প্রতিজ্ঞ। আন্তর্জাতিক আইনের পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেছে তেহরান। এর পরিণতির দায় ব্রিটিশ সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি