হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪ জন। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব ঘটনা ঘটে।
রোববার (১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বিভিন্ন বিবৃতি ও সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে হতাহতের এই হিসাব পাওয়া গেছে। উৎসব উপলক্ষে বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষের সমাগমের মধ্যেই বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় তিন দফা গুলিবর্ষণে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে। ডালাসের পরিচিত বিনোদন এলাকাটিতে অসংখ্য বার, রেস্তোরাঁ, সংগীত পরিবেশনার স্থান ও নৈশক্লাব রয়েছে। হ্যালোইন উপলক্ষে শনিবার রাতেও সেখানে বিপুলসংখ্যক মানুষের ভিড় ছিল।
ডালাস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম গুলিবর্ষণের ঘটনা ঘটে রাত ১২টা ২০ মিনিটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে। দ্বিতীয়টি ঘটে রাত ১টা ৫ মিনিটে মেইন স্ট্রিটের একই ব্লকে। এরপর রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে তৃতীয় দফায় গুলি চালানো হয়। তিন ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে চারজন মারা যান।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। গুলির খবর পাওয়ার পর কাছাকাছি থাকা পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ফ্লোরিডার জ্যাকসনভিলেও দুটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হন। এতে দুজন নিহত হয়েছেন। শহরটির একটি স্থানে রোববার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শতাধিক মানুষের অংশগ্রহণে পার্টি চলছিল। একপর্যায়ে আয়োজনটি রাস্তায় ছড়িয়ে পড়লে সেখানে গুলি চালানো হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সী এক তরুণ। আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল থাকলেও অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। অন্যদিকে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটিতে হ্যালোইন পার্টি চলাকালে একটি ট্রেলার পার্কে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। একই ঘটনায় গাড়ির ধাক্কায় দুজন নিহত হন। তবে তাদের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে গুলিবর্ষণের সম্পর্ক এখনো স্পষ্ট নয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকাগুলোতেও একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত ও আটজন আহত হন। এর আগে স্টেডিয়ামটিতে আলাবামা এঅ্যান্ডএম ও আলাবামা স্টেটের মধ্যে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ নামে পরিচিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে সহায়তা করেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গুলির শব্দ শোনেন পুলিশ কর্মকর্তারা। সেখানে হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসব চলছিল। শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে আটক করা হলেও তিনিই গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া ডেলাওয়ারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলিতে ছয়জন আহত হয়েছেন। আরকানসাসের ফায়েটভিলেও গুলিতে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সেখানে বিরোধের জের ধরে গুলি চালানো হয়।
যুক্তরাষ্ট্রে হ্যালোইনসহ বড় জনসমাগমের অনুষ্ঠানে বন্দুক সহিংসতা ঠেকানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আগাম সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা কঠিন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক ও ইউনিভার্সিটি অব মায়ামির অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, পুলিশের পক্ষে প্রতিটি বার কিংবা গাড়ি পার্কিংয়ের জায়গায় অবস্থান করা সম্ভব নয়।